নিজস্ব প্রতিবেদক, রাজারহাট (কুড়িগ্রাম) “আসুন বই পড়ি, মিলেমিশে দেশ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে ১০ দিনব্যাপী ‘তারুণ্যের বইমেলা ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা’।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে রাজারহাট কামিল মাদ্রাসা মাঠে মেলার সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুরধ্বনি শিল্পী গোষ্ঠী, জেগে উঠো ফাউন্ডেশন এবং আল হেরা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হয়।
মেলা কমিটির আহ্বায়ক আনিছুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান। স্বর্ণকমল মিশ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট সফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সহিদুল ইসলাম ব্যাপারী, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস এবং সদস্য সচিব নয়ন আলী।
এছাড়াও বক্তব্য রাখেন রাজারহাট কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আব্দুল আউয়াল, বুড়িরহাট আব্দুস ছামাদ মন্ডল দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট আশাদুল হক, শরফউদ্দিন দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট নুরুজ্জামান সরকার, রাজারহাট কারিগরি ও বাণিজ্যিক কলেজের অধ্যক্ষ আবুল হোসেন সরকার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ছাত্রনেতা আল মিজান মাহিন।
আলোচনা সভা শেষে মেলার বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। মেলায় আসা দর্শনার্থীরা জানান, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মের মাঝে বই পড়ার অভ্যাস ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে সহায়ক হবে।