নিজস্ব প্রতিবেদক, ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের ‘গুপ্ত রাজনীতি’ বন্ধের দাবিতে কলেজ অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কলেজ শাখা। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে ছাত্রদলের নেতাকর্মীরা এই স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে ছাত্রদল অভিযোগ করে, ছাত্রশিবির অসাংগঠনিক ও নিয়মবহির্ভূতভাবে একক সভাপতির নাম ঘোষণা করে কমিটি প্রকাশের চেষ্টা চালাচ্ছে, যা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। এ সময় ছাত্রদলের পক্ষ থেকে চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—ক্যাম্পাসে অসাংগঠনিক কার্যক্রম বন্ধ, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং সহিংসতা প্রতিরোধে আগাম ব্যবস্থা গ্রহণ।
স্মারকলিপি প্রদানকালে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. আমিনুর রহমান ও সাধারণ সম্পাদক মো. মুরাদ হাসান রেজুয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতি আমিনুর রহমান বলেন, “শিবির সাধারণ শিক্ষার্থীদের মতো মিশে থেকে বিভিন্ন অপরাধ করে, কিন্তু কৃতিত্ব নেওয়ার সময় ব্যানার ব্যবহার করে। তাদের এই গুপ্ত রাজনীতি বন্ধ করতে হবে।” তবে অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ সম্পর্কে জানতে চাইলে তিনি তাৎক্ষণিক কোনো তথ্য দিতে পারেননি।
অন্যদিকে, উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. মামুন অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাদের রাজনীতিতে গোপনীয়তার কিছু নেই। কলেজ শাখাসহ আমাদের সব কমিটিই সক্রিয়। আমরা আগামীকালই কলেজের তালিকা জমা দেবো।” এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে ক্যাম্পাস এলাকায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।